মন্দিরের ভিত খুঁড়ে বেরিয়েছে 'রহস্যময়' পাথর
দি নিউজ লায়ন ; মন্দির তৈরির ভিত খুঁড়তে গিয়ে অদ্ভুত কালো পাথর উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দ্বারভাঙ্গাপাড়া এলাকায়। ছোট আপেল আকৃতির কালো রঙের এই পাথরটিকে কষ্টিপাথর বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এমনকি ওই পাথরের গায়ে একটি মন্দিরের নকশা করা ছবিও রয়েছে বলে দ্বারভাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন। ইতিমধ্যেই শিবলিঙ্গ হিসেবে শুরু হয়েছে পুজো।
অনেকেই দাবি করেছেন, পাথরে স্পর্শ করতেই নাকি শরীর সুস্থ হয়ে যাচ্ছে। এই ঘটনায় এখন উৎসুক মানুষের ভিড় বাড়ছে দ্বারভাঙ্গাপাড়া এলাকায়। রহস্যময়ী ছোট মাপের এই পাথর দেখতে ভিড় করছেন বহু মানুষ। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, দ্বারভাঙ্গা পাড়া এলাকায় একটি পুরনো শিব মন্দির ছিলো। সেটি ভেঙ্গে নতুন করে মন্দির গড়ে তোলা হচ্ছে।
বৃহস্পতিবার সেই মন্দিরের ঘুরতে গিয়ে রহস্যজনক এই পাথর উদ্ধার হয়। পাথরের গায়ে একটি মন্দিরের নকশা করা রয়েছে। অনেকে এটিকে শিবলিঙ্গ মনে করে পুজো শুরু করেছেন। অদ্ভুত এই পাথর দেখে অবাক সকলেই। বিশ্বাস ও ভক্তি নিয়েই শুরু হয়েছে উদ্ধার হওয়া ওই রহস্যময়ী পাথরের পুজো।
দ্বারভাঙ্গাপাড়া এলাকার একাংশ মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, আপাতত এই পাথরটি সংরক্ষিত করে রাখা হয়েছে একটি জায়গায়। মন্দির তৈরি হলে দেবদেবীর মূর্তি পাশে পাথরটি রাখার ব্যবস্থা করা হবে।

Post a Comment